ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়নের শাহাপুর সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন মহেশপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আতিকুজ্জামান শিপন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শাহাপুর কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসব উদযাপনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
পরিদর্শনকালে প্রভাষক আতিকুজ্জামান শিপন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও উৎসবের আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে উৎসব উদযাপনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহাপুর সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সুকেন চন্দ্র বিশ্বাস, সহসভাপতি শ্রী আনন্দ কুমার পাল, সাধারণ সম্পাদক শ্রী স্বরজিৎ কুমারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পূজার আয়োজকরা।
স্থানীয় পর্যায়ে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।